শরীয়তপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক এক রায় দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে একটি খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালত এ রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীল।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার পালং বাজারের উত্তর প্রান্তসংলগ্ন ‘ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিয়মিত মনিটরিং অভিযানে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রক্রিয়া অনুসরণের মানদণ্ড লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি করছিল।
এ ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, শরীয়তপুর কর্তৃক প্রতিষ্ঠানটির মালিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, “শরীয়তপুর জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এই রায়ের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।”
তিনি আরও বলেন, জেলার সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









