কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসা মাদকের একটি বড় চালান কক্সবাজার সদর মডেল থানাধীন সমিতিপাড়া এলাকায় নবাব মিয়ার বাড়িতে মজুদ রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) ভোরে র্যাবের একটি চৌকস দল সমিতিপাড়া এলাকার বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নবাব মিয়া পালিয়ে যান।
পরবর্তীতে বাড়িটি তল্লাশি করে রান্নাঘরে প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৩০০টি ছোট বায়ুরোধক নীল জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৫.৫ কেজি।
র্যাব জানায়, পলাতক নবাব মিয়া (৩০) সমিতিপাড়া এলাকার মৃত বাহাদুর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় পাচার ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









