মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অর্জনের পর দীর্ঘদিন সড়ক ও জনপথ বিভাগে চাকরি করেন। অবসরের পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রচেষ্টায় জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এবং এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









