দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি ভুট্টাক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার দামাইক্ষেত্র ইউনিয়নের শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল জলিল (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দুলাল মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সোমবার রাতে জলিল বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত প্রায় ৩টার দিকে বাড়ির কাছেই একটি ভুট্টাক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং আশপাশের এলাকা তল্লাশি চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেন। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় তদন্ত চলছে।
ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









