বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল আজিজ (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার মান্দারবাড়িয়ার কমলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন। পরে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আজিজ মহেশপুর পৌর এলাকার হামিদপুর পাড়ার বাসিন্দা ও মহেশপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, “আজ সকালে আব্দুল আজিজ চাচার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি মোটরসাইকেল যোগে যশোর জেলার চৌগাছা উপজেলার বাঁকা মিনাজপুরে বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। কিছুক্ষন পরে শুনতে পাই, তিনি মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন।”
তার মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









