হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাতকর্ণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাস্টারবাড়ির সিএনজিচালক লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে জুবায়ের মিয়া (৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে বিকেলে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য নেয় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন করে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সদস্যরা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









