বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম ধাপে তিন হাজার জন পাচ্ছেন কৃষক কার্ড। এ জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগের ১০টি উপজেলার ১০টি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর আওতায় নির্বাচিত কৃষকদের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে।
পিপিআইডিসির আওতায় প্রাথমিকভাবে রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার তিনটি ব্লকের কৃষকদের কার্ড দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এরআগে ১৬ মার্চ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় নিয়মিত খাদ্য উৎপাদন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শফিকুল ইসলাম জানিয়েছিলেন, শিগগিরই কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষকের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে।
এই কার্ডের আওতায় প্রত্যেক কৃষক নামমাত্র মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাবেন। এছাড়াও সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমার সুবিধা, নামমাত্রে কৃষিপণ্যের বিপণন সুবিধা, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই দমনে পরামর্শ দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে শিবগঞ্জ সদর ইউনিয়নের আওতাধীন ৬টি ব্লকে জমির পরিমাণ প্রায় এক হাজার হেক্টর। পর্যায়ক্রমে উপজেলায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পরে পর্যায়ক্রমে শিবগঞ্জ উপজেলার সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









