উপকূলীয় এলাকার অপরাধ ও দস্যু দমনে সক্রিয় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত আঠারো মাসে তারা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন দস্যুবাহিনীর ৬১ জন সদস্যকে আটক করেছে। এ সময় দস্যুদের দখল থেকে বিভিন্ন ধরনের ৮০ টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি ও ১৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনী, নানো ভাই বাহিনী, ছোট সুমন বাহিনী, আলিফ বাহিনী ও আসাফুর বাহিনীর বিভিন্ন আস্তানায় হানা দিয়ে তাদের হাতে জিম্মি থাকা ৭৮ জন জেলে ও তিন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময়ের দস্যু দলের একাধিক আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় বলে কোস্টগার্ড পশ্চিম জোন (মংলা) সূত্রে জানা গেছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ৮ এপ্রিল বিকালে দৈনিক এদিন কে জানান, সুন্দরবনের নানা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে কোস্ট গার্ড সদস্যরা দস্যু দমন ও অন্যান্য অপরাধ দমনে সচেষ্ট রয়েছে। তারা বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি করছে বলে জানান তিনি।
সাম্প্রতিক দস্যুদের অপতৎপরতা বৃদ্ধির বিষয় জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবন কে দস্যুমুক্ত করতে তাদের কম্বিং অপারেশন চলবে। তিনি দস্যুদের অবস্থান ও নানা তৎপরতা সম্পর্কে কোস্ট গার্ড কে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









