বোতলজাত ভোজ্যতেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় বোতলজাত ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় মো. আব্দুল মান্নানের এবিএম স্টোরকে ৫,০০০ টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় মো. হাসানের হাসান স্টোরকে ৫,০০০ টাকা এবং তেলে পরিমাপে কম দেওয়ায় মো. মনিরুল ইসলামের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৪৮ ধারায় ৫০,০০০ টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









