কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সংলগ্ন হোছনী খালের একটি কালভার্টের নিচ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কালভার্টের নিচে সন্দেহজনক কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো খুলে দেখতে পায়, ছয়টি বস্তার ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ রাখা রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দুর্জয় বিশ্বাস বলেন, উদ্ধার হওয়া দেহাংশ একজন পুরুষের। মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রেখেছে, যাতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









