নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিনটি সামাজিক সংগঠন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চাচঁকৈড় এলাকায় নন্দকুজা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে নন্দকুজা নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ফলে স্থানীয় কৃষি, মৎস্য সম্পদ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত নদী খনন ও দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন চলনবিল প্রেস ক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস, গুরুদাসপুর নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, মো. ঈমাম হোসেন পিন্টু, প্রতিভা যুব উন্নয়ন সংস্থার রাশিদুল ইসলাম রাসেল, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, জীবন সঙ্গী ফাউন্ডেশনের কে এম রাকিবুল ইসলাম এবং মশিউর রহমান মিঠু।
মানববন্ধনে স্থানীয় যুবসমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ বিষয়ে গুরুদাসপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, পৌরসভার বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্ন ও বাসযোগ্য গুরুদাসপুর পৌরসভা গড়ে তুলে নাগরিক সেবায় প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, নন্দকুজাসহ গুরুদাসপুর-বড়াইগ্রামের সকল নদী ও খাল খনন ও পুনরুদ্ধার বিষয়ে পানি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। দ্রুত সময়ের মধ্যে নদীটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









