সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এই ঘটনা ঘটে।
শুক্রবার (১০ এপ্রিল) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। নিহত সালেহ আহমেদ জয়ধর উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সালেহ আহমেদ তার আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তার সঙ্গী নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) সালেহের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি জানিয়েছে, ওই তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









