দীর্ঘদিনের অবহেলা, অযত্ন আর আগাছায় হারিয়ে যেতে বসেছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশুরী সামাজিক কবরস্থান। ১১টি সমাজের মানুষের শেষ ঠিকানা এই কবরস্থান যেন পরিণত হয়েছিল জঙ্গলে। এমন অবস্থায় নীরবতা ভেঙে সামনে এসেছে একদল তরুণ।
শুক্রবার (১০ এপ্রিল) ‘টান মুশুরী উত্তরপাড়া ইসলামী যুব সংগঠন’-এর উদ্যোগে শুরু হয় ব্যতিক্রমী এক পরিচ্ছন্নতা অভিযান। হাতে দা, কোদাল আর ঝাড়ু নিয়ে যুবকরা নেমে পড়েন কাজে। কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগাছায় ঢেকে থাকা কবরস্থান ফিরে পায় তার হারানো সৌন্দর্য ও সম্মান।
এ সময় উপস্থিত থেকে যুবকদের উৎসাহ দেন টান মুশুরী উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি হাজী মোবারক হোসেন ভূঁইয়া, অ্যাডভোকেট মাসুদ মিয়া, সাদ্দাম হোসেন ভূঁইয়া প্রমুখ।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেন যুব সংগঠক মো. ফয়সাল, রুবেল মিয়া, মিঠুন, সুমন, মঞ্জু, মাসুদ, জসিম, নেয়াজুল, রনি, জুবায়ের, মেহেদি, সুবহান মিয়া, মামুন, সজিব, ইয়েন, ফাহাদ, ইমরান, হানিফসহ স্থানীয় যুবকরা।
যুব সংগঠক নাইম বলেন, “আমরা চাই যুব সমাজ শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিক। এই কবরস্থান পরিষ্কার করা আমাদের দায়িত্ববোধের অংশ। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখবো।”
মসজিদ সভাপতি হাজী মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “আজকের এই উদ্যোগ দেখে আমি সত্যিই মুগ্ধ। তরুণরা যদি এমন ভালো কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না। আমি তাদের প্রতি দোয়া ও শুভকামনা রাখি।”
অ্যাডভোকেট মাসুদ মিয়া বলেন, “বর্তমানে কিছু যুবক মাদক ও জুয়ার মতো ভয়ংকর পথে ঝুঁকছে, যা সমাজের জন্য হুমকি। কিন্তু এই সংগঠনের তরুণরা দেখিয়ে দিল, ইচ্ছা থাকলে ভালো কাজ করেও সমাজে উদাহরণ সৃষ্টি করা যায়।”
স্থানীয়দের মতে, বহুদিন পর কবরস্থানটি এমন পরিষ্কার-পরিচ্ছন্ন রূপে দেখা গেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









