কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পায়ের হাঁটুর নিচের অংশও মারাত্মকভাবে জখম হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক-এফ/১৩-এর বাসিন্দা। তার বাবা বশির আহমেদ ও মা সারা খাতুন।
সে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে, মাস্টার কাঠি পোস্ট থেকে ২৫০ মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
বিজিবি জানায়, বিস্ফোরণের শব্দ শুনে সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে দেখতে পান, গুরুতর আহত সাদেককে তার সঙ্গীরা শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে সাদেকসহ একদল জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। মাছ ধরা শেষে ফেরার পথে পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এতে সাদেক গুরুতর আহত হন।
স্থানীয় রোহিঙ্গা শরণার্থী মুজিবুর রহমান জানিয়েছেন, সীমান্ত এলাকায় এমন মাইন বিস্ফোরণের ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে জীবিকার প্রয়োজনে সীমান্তঘেঁষা এলাকায় যাতায়াত করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য এটি বড় ঝুঁকি হয়ে উঠেছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে মাইনের বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









