রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালের পাড়ে কয়েকজন ডাকাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন সংবাদ পেয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডাকাত দলের সদস্য জিহাদ মন্ডল (২১), মো. আনিচ মন্ডল (২৫), শামীম শেখ (১৯), মো. মিরাজুল ইসলাম (৩২) এবং শাওন সরদারকে (২১) দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের আরও ১১/১২ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত সকলেই উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আটক আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









