তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সভা ও মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের মলাই ফকির বাজারে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নামাপাড়া, বড়চর ও কুর্শ্বাখালী গ্রামের সমন্বয়ে মানিক মিয়া সভাপতি, আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক ও আকরাম খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
করিমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায় ও মলাই ফকির বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেন সুলালের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মাহবুবুর রহমান, করিমগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুর রহমান হাইয়ূল, ৩ ওয়ার্ডের মেম্বার মো. ফারুক, শিক্ষক আরিফুল জব্বার আরমান, কন্টেন্ট ক্রিয়েটর রইছ উদ্দিনসহ এলাকার তরুণসমাজ ও সচেতন অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক প্রথমে ব্যক্তিকে, তারপর পরিবারকে, সবশেষ সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের ব্যয়ভার মেটাতে বেড়ে যায় চুরি ও ছিনতাই। এমনকি খুনের ঘটনাও ঘটে। মাদক হচ্ছে ক্যান্সার রোগের মতো। একবার ছড়িয়ে পড়লে তা প্রতিরোধ করা কঠিন। তাই যত দ্রুত সম্ভব মাদকের শিকর উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রতিরোধ কমিটি গঠন করা ছাড়াও জনসচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন ক্যাম্পেইন, মানববন্ধন আয়োজন করারও সিদ্ধান্ত গৃহীত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









