সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় এই অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. নেছার আলীর পুত্র মো. মিজানুর রহমান (৪২)।
কোস্ট গার্ড সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ফেনসিডিল ১৪৮ বোতল এবং বিদেশি বিয়ার ২৪ পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
এ সময় ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, কোস্ট গার্ডের অভিযানে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









