মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযানের সময় আকুব্বর (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সদস্য আহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বিনোদনপুর ইউনিয়নের কানুটিয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে লাঠির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতের স্ত্রী জোছনা খাতুন দাবি করেছেন, তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
অভিযানের সময় ডিএনসির এক সিপাহী মিঠুন ব্যাপারি আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সংশ্লিষ্ট সদস্যদের নিরাপত্তার জন্য মহম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে এলাকাবাসীর হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরও দুই সদস্য আহত হন। তাদের তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক মোছা. সাহারা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুব্বরের বাড়ি থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া সাকিনা ঝরা বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









