নরসিংদীর রায়পুরা উপজেলায় রায়পুরা বাজার থেকে শাহচর সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরেজমিনে পরিদর্শন করেছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।
পরিদর্শনকালে কাজের নিম্ন মানের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন ও সাব-কন্ট্রাক্টর ‘লুঙ্গি মিলন’-এর কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।
এমপি বকুল বলেন, রায়পুরায় নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এমন নিম্নমানের কাজ চলবে না।
তিনি আরও অভিযোগ করে জানান, অনেক ক্ষেত্রে মূল ঠিকাদার কাজ নিয়ে তা অন্যের কাছে বিক্রি করে দেন, যার ফলে কাজের গুণগত মান নষ্ট হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে তিনি সনদপ্রাপ্ত দক্ষ ব্যক্তির মাধ্যমে কাজ সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন এবং সাব-কন্ট্রাক্টরদেরও বাধ্যতামূলকভাবে যোগ্যতা যাচাইয়ের আওতায় আনার কথা বলেন।
পরিদর্শনকালে তিনি নিম্নমানের ইট ব্যবহার, পর্যাপ্ত সিমেন্ট না দেওয়া এবং সার্বিকভাবে কাজের মান ঠিক না থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “যারা কাজ পায়, তাদের কাজের মান খারাপ হলে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে, প্রয়োজনে তাদের সার্টিফিকেট বাতিল করা হবে।”
এমপি বকুল জানান, তিনি আগামী পাঁচ বছর নিজেই এসব উন্নয়ন কাজের তদারকি করবেন এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করবেন না। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রতি আহ্বান জানান, কাজ পাওয়ার পর তা অন্যের কাছে বিক্রি না করে নিজেদের তদারকি নিশ্চিত করতে।
উল্লেখ্য, রায়পুরা বাজার হতে শাহচর পর্যন্ত কাজটিতে প্রায় ৬ কোটি টাকার বরাদ্দ থাকা সত্ত্বেও এমন অনিয়ম করার অভিযোগে এমপি বকুল পরিদর্শন করেন। ইতোমধ্যে তিনি রায়পুরা পৌরসভার ইজারা ও পান্থশালা কেয়াঘাটের ইজারা বাতিল করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরাও কাজ করবো সততার সাথে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভের দেখা দিয়েছে এবং দ্রুত মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









