শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর এলাকায় অবস্থিত ‘মক্কা ব্রিকস ফিল্ড’ নামে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটার আংশিক উচ্ছেদ ও ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।
এর আগে গত ৩১ মার্চ “আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে সেই প্রতিবেদনের প্রেক্ষিতেই যৌথ অভিযান শুরু হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুন মাসে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড ইটভাটাটির প্রয়োজনীয় পরিবেশগত ও আইনি অনুমোদন না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্দেশ অমান্য করে প্রায় দুই বছর ধরে ভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
এদিকে, ২০২৪ সালে অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবিতে উচ্চ আদালতে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদের নির্দেশনা জারি করা হয়। তবে সেই নির্দেশনার আলোকে গত এক বছরে শরীয়তপুর জেলায় মাত্র চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। সর্বশেষ এই অভিযানে নড়িয়ার মক্কা ব্রিকস ফিল্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শরীয়তপুরের ছয়টি উপজেলায় বর্তমানে মোট ৩৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১৩টি, জাজিরায় ৫টি, নড়িয়ায় ৬টি, গোসাইরহাটে ৬টি, ভেদরগঞ্জে ৩টি এবং ডামুড্যায় ২টি ইটভাটা রয়েছে। অধিকাংশ ইটভাটাই প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, জেলা প্রশাসকের নির্দেশে জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









