নেত্রকোনার কেন্দুয়ায় অভিনব কৌশলে সিএনজি চালিত অটোরিকশায় গাঁজা পাচারের সময় ধরা পড়েছেন এক মাদক কারবারি। এ সময় তার কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. জিল্লুর রহমান (৪৪)। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের মৃত একদিল মিয়ার ছেলে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনা সড়কের দামিনা মোড় এলাকায় অভিযান চালানো হয়। ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল।
তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশা থামানো হলে শুরু হয় তল্লাশি। এ সময় অটোরিকশার পেছনের অংশে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও স্কচটেপে মোড়ানো গাঁজার পোটলাগুলো একে একে উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধার করা ১৪টি পোটলায় মোট ২৮ কেজি গাঁজা পাওয়া গেছে।
এর মধ্যে ১৩টি পোটলায় ২৭ কেজি এবং অপর একটি পোটলায় ছিল ১ কেজি গাঁজা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া পাচার কাজে ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশা এবং আসামির ব্যবহৃত ২৪ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন (সিমসহ) জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ ৬৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, এর আগেও তিনি একই কৌশলে মাদকের চালান বহন করেছেন।
এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় বাদী থাকবেন ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









