বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে নেত্রকোণা। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, লোকজ ঐতিহ্যের আবহ আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলাজুড়ে বইছে উৎসবের আনন্দধারা।
দুই দিনব্যাপী এই আয়োজনে রয়েছে বর্ষবরণ অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, ঘুড়ি উড়ানো, কৃষক আনন্দ মেলা, বরণী মেলা ও বাউলগানের আসর। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে এই উৎসবের উচ্ছ্বাস।
মঙ্গলবার সকালে মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ষবরণের আয়োজন। মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন আবহ।
এরপর মাঠ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন ও লোকজ সাজে সজ্জিত এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
সব মিলিয়ে নববর্ষের এই আয়োজন যেন কেবল উৎসবেই সীমাবদ্ধ নয় ,এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক মিলনমেলা, যেখানে আনন্দ আর ঐক্যের বন্ধনে একাকার হয়েছে পুরো জনপদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









