কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাকে করে ১৩ জন শ্রমিক চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন নিহত এবং আরও ছয় জন আহত হন।
নিহতরা হলেন—দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫); বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার সুমন (২১) ও বিষ্ণু (৩৫); মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে সাতটি মরদেহ উদ্ধার করে এবং আহত ছয় জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
এদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









