রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে রহস্যজনক বিস্ফোরণে ভবনে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

বরিশালে রহস্যজনক বিস্ফোরণে ভবনে ব্যাপক ক্ষতি

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে ভবনের নিচতলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলার দরজা, জানালা ও লোহার গেট ছিটকে পাশের খালে গিয়ে পড়ে। নিচতলার সব কটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে।

ভবনের বাসিন্দা আল-আমিন হাওলাদার ও সুমাইয়া বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশে ধোঁয়া আর ধ্বংসাবশেষ দেখতে পাই। ভয়ে কিছু না বুঝেই দ্রুত বাসা থেকে বের হয়ে যাই।

বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন নিচতলায় বসবাসকারী সিকিউরিটি গার্ড মানিক ও তার ছেলে মৃদুল। তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকের স্ত্রী মারিয়া, যিনি একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে কর্মরত।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুধু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন ক্ষয়ক্ষতি হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তারা বলছেন, এটি শুধুমাত্র সিলিন্ডার বিস্ফোরণ কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা দ্রুত তদন্ত করে বের করা প্রয়োজন।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম কাজ করছে। বিস্ফোরণে বাবা ও ছেলে আহত হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আদনান/বরিশাল/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.