কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ইসলামাবাদ ইউনিয়নে পূর্ব গজালিয়ার সাতঘরিয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিনের মতো আজ ভোরে নিজের ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ। এ সময় হঠাৎ একটি বন্য হাতি ধানক্ষেতে ঢুকে তাকে আক্রমণ করে।
পাশের ক্ষেত পাহারায় থাকা কৃষক জামাল উদ্দিন জানান, হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবার ক্ষতিপূরণ পাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সাতঘরিয়া পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফজরের আজানের আগে হাতির গর্জন শুনে বাইরে এসে মসজিদের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল জানান, নিহত ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার বড় ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের কারণে এ ধরনের সংঘাত বাড়ছে। এ সমস্যা সমাধানে হাতির চলাচলের পথ চিহ্নিতকরণ, সতর্কতামূলক ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।
বন বিভাগের ঈদগাঁও রেঞ্জ অফিসার উজ্জ্বল হোসাইন জানিয়েছে, পাহাড়সংলগ্ন এলাকায় খাদ্যের সন্ধানে বন্য হাতির লোকালয়ে প্রবেশ বেড়ে যাওয়ায় মানুষ-হাতি সংঘাত বৃদ্ধি পাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









