নেত্রকোনায় অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং দায়ীদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স-এ তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে দুই দোকান মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









