সোমবার, ১১ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুরুদাসপুরে মিটার-ট্রান্সফরমার চুরির নতুন কৌশল, বিকাশ নম্বরে টাকা দাবি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

গুরুদাসপুরে মিটার-ট্রান্সফরমার চুরির নতুন কৌশল, বিকাশ নম্বরে টাকা দাবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাণিজ্যিক বিদ্যুৎ মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। চোরচক্র এখন নতুন কৌশল অবলম্বন করে চুরি করা মিটার ফেরত দেওয়ার কথা বলে বিকাশ নম্বরে টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল গুরুদাসপুর পৌরসদরসহ নাজিরপুর এলাকায় অন্তত ৯টি বাণিজ্যিক মিটার চুরি হয়। চুরির পর একটি বিকাশ নম্বর (০১৮৫৭৪৬৯৯১১) ব্যবহার করে ভুক্তভোগীদের কাছে ৫ হাজার টাকা করে  দাবি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ৩ হাজার টাকা দিলে রাতের আঁধারে নির্দিষ্ট স্থানে, যেমন ময়লার স্তূপে, মিটার রেখে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গুরুদাসপুর বাজার সংলগ্ন উত্তরা এগ্রোর ম্যানেজার দিলীপ মন্ডল জানান, “মিটার চুরি হলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে ফোন করে বিকাশ নম্বর দিয়ে টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পর ময়লার স্তূপ থেকে মিটার উদ্ধার করে পুনরায় সংযোগ চালু করতে হয়েছে। আমরা ওই নম্বরের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। তবে অনেকের টাকা নেওয়া হলেও তারা মিটার ফেরত পাননি।”

নাজিরপুর এলাকার কৃষক জাবেদ আলী বলেন, “ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। একটি ট্রান্সফরমার সচল করতে প্রায় ১৫ দিন সময় লাগে এবং প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়। আমরা এই চুরি থেকে মুক্তি চাই।”

বিএডিসি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে উপজেলায় ৩৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, যা থানায় অভিযোগ ও বিদ্যুৎ অফিস অবগত রয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত তিন মাসে নাজিরপুর এলাকায় ১৭টি ট্রান্সফরমার, উপজেলায় ৫টি থ্রি-ফেজ বড় মিটার এবং ৫টি বাণিজ্যিক মিটার চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গুরুদাসপুরের ডিজিএম জানান, চুরির ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ধরণের চুরি জাতীয় ক্ষতি। দেশের সর্বোচ্চ মহলকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাতে আর কখনো এ ধরণের ঘটনা না ঘটে। সেই সাথে গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “এই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সালাম/নাটোর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.