বাংলাদেশের বৃহৎ স্থল বন্দর যশোরের বেনাপোলে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী।
রবিবার (১৯ এপ্রিল) সকালে স্থানীয় বলফিল্ড ময়দানের সন্মুখে “বেনাপোলবাসীর” ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বেনাপোল ও পাশ্বর্বতী ইউনিয়নের স্কুল, কলেজের হাজার হাজার শিক্ষার্থী, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেনাপোল পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা ও এর জনসংখ্যা ৩০ হাজারের অধিক। এই এলাকার বৃহৎ স্থল বন্দরে দিনরাত হাজার হাজার শ্রমিক সর্বক্ষণ কাজ করে আমদানি-রপ্তানি বানিজ্য গতিশীল রেখেছে। সরকার বেনাপোল স্থলবন্দর হতে প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। অথচ সরকার এলাকাবাসী ও শ্রমিকদের স্বাস্থ্যসেবায় আজ পর্যন্ত যুগান্তকারী কোন পদক্ষেপ নেয়নি।
বক্তারা আরো বলেন, দুর্ঘটনায় পড়লে জরুরি চিকিৎসার জন্য ১২ কিলোমিটার দূরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ৪০ কিলোমিটার দূরের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ছুটতে হয়। এতে করে ভুক্তভোগীর মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই বেনাপোলবাসীর দাবি পৌর এলাকায় একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণের।
অংশগ্রহণকারীরা মানববন্ধন শেষে যশোর-কোলকাতা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। মিছিল শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে হাসপাতাল নির্মাণে সরকারের পক্ষ হতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









