সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্কুল শেষে আর ফেরা হলো না আরিয়ানের

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

স্কুল শেষে আর ফেরা হলো না আরিয়ানের

একটি সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল ছোট্ট আরিয়ানের সকাল। বইখাতা গুছিয়ে, স্বপ্নভরা চোখে স্কুলে গিয়েছিল সে। কিন্তু দিনের শেষে বাড়ি ফেরার যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। পরিবারের অপেক্ষা, সহপাঠীদের হাসি—সবকিছু যেন এক মুহূর্তেই থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। গাজীপুরের শ্রীপুরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় তানভীর ইসলাম আরিয়ান (৮)। 

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকায় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে। সে স্থানীয় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে স্কুলে গিয়েছিল আরিয়ান। ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল সে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান হঠাৎ পেছনের দিকে ব্যাক করতে শুরু করে। এতে ভ্যানটি এবং পাশের একটি সিমেন্টের সীমানা পিলারের মাঝখানে চাপা পড়ে যায় আরিয়ান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, স্কুল ছুটির পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিমুল/গাজীপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.