কক্সবাজারের উখিয়ায় মো. নাছির (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।
পুলিশ জানায়, নিহত নাছির বড় ইনানী এলাকার বাসিন্দা এবং ইনানী সৈকত এলাকায় ডাব বিক্রি করতেন। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তিনি তার ফুফু মনিরা বেগমের বাড়িতে বেড়াতে যান। ধারণা করা হচ্ছে, রাত ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো এক সময় তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
পরিবারের সদস্যরা সকালে নাশতার জন্য ডাকাডাকি করলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









