সোমবার, ১১ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় একদিনে হাসপাতালে ভর্তি ২৮ জন, আতঙ্কে অভিভাবকরা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

কুষ্টিয়ায় একদিনে হাসপাতালে ভর্তি ২৮ জন, আতঙ্কে অভিভাবকরা

কুষ্টিয়া জেলায় হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত সবশেষ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১এপ্রিল) গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে ২৮ জন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তারা সবাই হামের সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন। বর্তমানে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে আজ মঙ্গলবার ( ২১ এপ্রিল) পর্যন্ত কুষ্টিয়া জেলার হাম পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়- মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে। ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৪ জন। আর সন্দেহভাজন রোগীর মৃত্যু হয়েছে ৮ জন।

২৮ জনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১১ জন, কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কুষ্টিয়া জেলাতে হামের প্রাদুর্ভাবের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় গত সোমবার (২০ এপ্রিল) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলবে ১১ মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে।

জেলায় এই বয়সের মোট শিশুর সংখ্যা ২,৩০,৯২৬ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এই প্রতিবেদনে জেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে সন্দেহভাজন ৮ জনের মৃত্যু হওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এই অঞ্চলে হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে টিকাদানে অনীহা বা আবহাওয়া পরিবর্তন একটি বড় কারণ হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে প্রশাসন।

কুদ্দুস/কুষ্টিয়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.