পটুয়াখালীর বাউফল উপজেলায় অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র হঠাৎ পটুয়াখালীতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ কর্মসূচি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বাউফল সরকারি কলেজেই অনার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ছিল। কিন্তু কোনো পূর্বঘোষণা ছাড়াই প্রথমবারের মতো কেন্দ্র পটুয়াখালীতে সরিয়ে নেওয়া হয়েছে, যা তাদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বাউফল থেকে নতুন কেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। এ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তাদের চরম দুর্ভোগে পড়তে হবে। যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত দুর্বল হওয়ায় সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। অতিরিক্ত ভাড়া, সময় নষ্ট এবং নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন। অনেকেই জানান, প্রতিদিন এত দূর যাতায়াত করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে।
মেয়ে শিক্ষার্থীরা আরও বলেন, তাদের অনেকেই বিবাহিত এবং ছোট শিশু সন্তানের মা। এত দূরে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। সন্তান সামলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষা দেওয়া কীভাবে সম্ভব—এ প্রশ্ন তুলে তারা দ্রুত কেন্দ্র পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি অযৌক্তিক সিদ্ধান্তের কারণে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। দ্রুত বাউফল সরকারি কলেজেই পরীক্ষার কেন্দ্র পুনর্বহাল করতে হবে।
এ সময় শিক্ষার্থীরা স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেন। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান।
অনুষ্ঠানে অনার্স ৪র্থ বর্ষের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









