ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামের ওই দুই যুবক মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। সে সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, “দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি ঝিনাইদহমুখী একটি মাহেন্দ্র গাড়ির সাথে প্রথমে ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।”
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









