গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছেন ভূমিহীন পল্লির বাসিন্দারা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের গিলাশ্বর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শতাধিক নারী-পুরুষ। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং হামলার মাধ্যমে তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া ফিরোজা বেগম বলেন, “আমাদের বসতবাড়ি নেই বলে কি আমরা মানুষ না? আমরা ভূমিহীন বলে কি আমাদের কোনো অধিকার নাই?”
তিনি অভিযোগ করে বলেন, আক্তারুজ্জামান শামীম ও তার অনুসারীরা নিয়মিতভাবে চাঁদা দাবি করে আসছে। এমনকি একটি বাথরুম নির্মাণ করতেও তাদের টাকা দিতে বাধ্য করা হয়। তার মেয়ে মুক্তা আক্তার বসতবাড়ি নির্মাণ শুরু করলে শামীমের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল, রাশিদুল, হৃদয়, মোর্শেদ, কবির, মাজাহারুল ও কলু এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে মুক্তা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভূমিহীন পল্লির আরেক বাসিন্দা ইমরান হোসেন জানান, শামীমের নেতৃত্বে একাধিকবার তাদের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করা হয়েছে। প্রতিবাদ করলে শামীম বাহিনীর সদস্যরা হামলা চালায় এবং তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
একই ধরনের অভিযোগ করেন আব্দুল হাই। তিনি বলেন, “বিএনপির বড় নেতা পরিচয়ে তারা আমাদের ভয়ভীতি দেখায়। এমন কোনো বাড়ি নেই যেখানে ঘর তুলতে গেলে চাঁদা দিতে হয়নি। আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি।”
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মারধরের ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলেও জানান। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আক্তারুজ্জামান শামীমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









