ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়ালঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. কামাল উদ্দিন জানান, তিনি ও তার প্রতিবেশী মো. জাবেদ আলী গাজী বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের গোয়ালঘরে গরু বেঁধে রেখে ঘরে তালা দেন। তবে পরদিন ভোরে উঠে তারা দেখতে পান, গোয়ালঘরের তালা কেটে কে বা কারা গরুগুলো নিয়ে গেছে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা কামাল উদ্দিনের গোয়ালঘর থেকে ২টি এবং জাবেদ আলী গাজীর গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে গান গরু, বকনা বাছুর, গাভী ও ষাঁড়সহ বিভিন্ন ধরনের গরু। ক্ষতিগ্রস্তদের দাবি, এসব গরুর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগীরা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘‘এ বিষয়ে এখনো কেউ সরাসরি যোগাযোগ করেননি এবং তিনি অভিযোগ সম্পর্কে অবগত নন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









