কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় মো. জিসান (২২) নামে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে। আহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রামের চন্দনাইশ থেকে টেকনাফের হ্নীলা অভিমুখে যাচ্ছিল একটি মিনি ট্রাক। পথে কানজরপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক জিসান ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন শ্রমিক আহত হন। মিনি ট্রাকটিতে একটি বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার সরঞ্জাম বহন করা হচ্ছিল।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠান।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









