সিলেট বিভাগে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেটের জালালাবাদ এলাকার হুমায়রা (৯ মাস) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আরিফ (১০ মাস) ও তউফিক (৫ মাস) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলার ২৬ জন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালপ ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন রোগী ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৮ শিশুর। এদের মধ্যে একজনের নমুনায় হামের সংক্রমন নিশ্চিত হওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









