স্কুলে শুধু সুন্দর চেয়ার-টেবিল আর দৃষ্টিনন্দন ভবন থাকলেই হবে না, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে হবে এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুরে পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “শুধু স্কুলের ভবন বাড়ানোর দাবি জানালে হবে না। সরকার যেমন দিচ্ছে, তেমনি শিক্ষকদেরও তার প্রতিদান দিতে হবে; শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে।”
প্রতিমন্ত্রী আরো বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব। ছাত্ররা ফেল করবে কেন? তাদের স্কুলে পাঠানো এবং শিক্ষার সুযোগ করে দেওয়া অভিভাবকদের দায়িত্ব, আর তাদের সুশিক্ষিত করে তোলা শিক্ষকদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে শিক্ষকরাও দায় এড়াতে পারেন না।”
এম ইকবাল হোসেইন বলেন, “গৌরীপুরে পাশের হার বাড়াতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এটা আমার দাবি। আগামী বছর যদি পাশের হার না বাড়ে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আবুল খায়েরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান ও আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, পাছার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সবাইকে সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









