নরসিংদী-রায়পুরা আমিরগঞ্জ রেলস্টেশন রোডের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রায়পুরা উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ এপ্রিল) নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. মজিবুর রহমানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরা-আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সড়কের দুই পাশ দখল করে দোকানপাট এবং অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা ও সিএনজি রাখার ফলে দিনভর তীব্র যানজট লেগে থাকতো। এতে জেলা শহরে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হতেন।
রায়পুরা-নরসিংদী সড়কটি সংস্কার ও চার লেনে সম্প্রসারণের লক্ষে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে কয়েকদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় শনিবার অভিযানে নামে প্রশাসন।
আশরাফ উদ্দিন বকুল বলেন, “নরসিংদী থেকে রায়পুরা পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে চার লেনের সড়ক নির্মাণ করা হবে। হাসনাবাদে রেলওয়ের জায়গা দখল করে অনেক দোকানপাট নির্মাণ করা হয়েছিল, যার ফলে সড়ক ও জনপদ বিভাগ কাজ করতে পারছিল না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাস্তা দখল করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল; আজ সেগুলো উচ্ছেদ করে রাস্তার কাজের পথ সুগম করা হচ্ছে|”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









