রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় নিজেদের বিরুদ্ধে আনা হামলা, ভাঙচুর, লুটপাট ও থানায় দেয়া অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পরিবার।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ প্রামানিকের পুত্র আনোয়ার হোসেন বলেন, “২০২১ সালে আব্দুর রব কোনো বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ৩০০ একর জমি নিয়ে আমাদের গ্রামের ১২২ জনের নামে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকায় স্থানীয় বিএনপি নেতা জমির উদ্দিনের পরামর্শে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে আমার বাবা ও চাচা তাদের বাড়িতে গিয়ে মামলাটি আপস-মীমাংসা করার প্রস্তাব দেন। এ সময় তারা কোনো আপস করবে না বলে সেখানে আব্দুর রব আমার বাবা ও চাচার ওপর শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।”
তিনি আরে বলেন, “পরবর্তীতে তারাই নিজেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে সন্ত্রাসী কায়দায় একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করে এবং সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা ঢাকতেই তারা পরিকল্পিতভাবে আমাদের নামে থানায় অভিযোগ দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এরআগে, শুক্রবার (২৪ এপ্রিল) একই ঘটনায় ভুক্তভোগী দাবি করে আব্দুর রব ওরফে হৃদয় মন্ডল পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









