পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
বিজিবি ও বন্দর সূত্রে জানা যায়, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে উপস্থিত হন। এ সময় এনএসআই'র তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









