দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় জারি করা সতর্কতার অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা (হাই সিকিউরিটি অ্যালার্ট) জারি করা হয়েছে। এর ফলে বিমানবন্দরজুড়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। বিমানবন্দরের ভেতরে ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। তবে মৌখিক নির্দেশনার ভিত্তিতেই উচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি পাওয়া যায়নি। তবুও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত সতর্কতা হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দর সবসময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও শক্তিশালী করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। আগমন ও বহির্গমন পয়েন্টগুলোতে তল্লাশি কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ পুলিশ সম্প্রতি গোয়েন্দা সতর্কতা জারি করেছে। এর প্রেক্ষিতে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









