বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে গাছ চাপায় দিলবর সরদার (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দিলবর ওই গ্রামের মৃত জালাল সরদারের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাত ২টার দিকে সারিয়াকান্দি উপজেলার ওপর দিয়ে মাঝারি আকারের ঝড়-বৃষ্টি বয়ে যায়। ঝড়ে দিলবর সরদারের একটি বড় ইউক্যালিপ্টাস গাছ উপড়ে তার প্রতিবেশীর ঘরের ওপর পড়ে। সোমবার সকালে প্রতিবেশী ও নিজের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দিলবর একাই গাছটি কাটার ও সরানোর উদ্যোগ নেন।
গাছটি কাটার একপর্যায়ে তিনি পা ফসকে নিচে পড়ে যান এবং গাছের একটি ভারি ডাল তার মাথার ওপর আছড়ে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারকে তাৎক্ষণিক প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দিলবর সরদারের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









