মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় অঞ্চল পর্যায়ে খুলনা বিভাগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী মাশরুম মেলা।
বুধবার (২৮ এপ্রিল) খুলনা শহিদ হাদিস পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “আমরা এই মেলার মাধ্যমে একটি নতুন বার্তা পেলাম মাশরুম চাষ বাংলাদেশে কীভাবে সফল হলো। এটি অল্প শ্রমে, অল্প পুঁজি বিনিয়োগে, অল্প জায়গায় উৎপাদনযোগ্য একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে। আগে আমরা বিভিন্ন নামী-দামী রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খেতাম। এখন আমরা এই মাশরুম কেক, মাশরুম পাউডার, চিপস ইত্যাদি নানাভাবে প্রক্রিয়াকরণ করে বাজারজাত করতে পারবো।”
তিনি আরো বলেন, “সবচেয়ে বড় ব্যাপার এটির ঔষধি গুণ রয়েছে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবেন। এতে খুলনা অঞ্চলে মাশরুম চাষ ব্যাপকভাবে প্রসার লাভ করবে বিশেষ করে নারীদের সাবলম্বীতা অর্জনে ও দারিদ্রতা হ্রাসে।”
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. মো. হজরত আলী। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
মাশরুম চাষ বিষয়ক কী-নোট পেপার উপস্থাপন করেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের পরিচালক ড. মোছা. আক্তার জাহান কাঁকন। অনুষ্ঠানে জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবীর হোসেন, মাশরুম উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন ও মো. আক্কাস আলী বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী মাশরুম মেলায় খুলনার বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীদের ২২টি স্টলে মাশরুম বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









