বগুড়ায় এক আইনজীবীকে অপহরণ, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন জেলা আইনজীবীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় বগুড়া বার সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া বার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক পান্নাসহ অন্যান্য আইনজীবীরা। এ সময় ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জুবায়েরও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আইনজীবীদের যদি নিরাপত্তা না থাকে এবং তারা যদি সন্ত্রাসী হামলার শিকার হন, তাহলে দেশের আইনব্যবস্থা কোথায় দাঁড়াবে? আমরা এমন একটি পেশায় নিয়োজিত, যেখানে আমরা বাদী-বিবাদী উভয়ের আইনি সহায়তা দিয়ে আদালতে লড়াই করি। তাই দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অ্যাডভোকেট এনামুল হক পান্না জানান, এ ঘটনায় ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









