আজ বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মদিন। ১৯২৬ সালের এই দিনে অরুণ কুমার চট্টোপাধ্যায় হিসেবে জন্ম নিলেও রুপালি পর্দায় ‘উত্তম কুমার’ নাম নিয়ে ছড়িয়ে পড়েন কোটি বাঙালির হৃদয়ে।
সময়ের সীমানা পেরিয়ে আজও তিনি প্রতিটি বাঙালি দর্শকের কাছে ভালোবাসার অনন্য প্রতীক। জন্ম ও প্রয়াণদিবসে তাকে ঘিরে ভক্তদের আবেগ এখনো সমান সজীব।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, উত্তম কুমারই প্রকৃত অর্থে এক অনবদ্য ‘আইকন’।
জন্মশতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে জয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘আইকন শব্দটির যদি কোনো সার্থক বাংলা প্রতিশব্দ খুঁজতে হয়, তবে সেই শব্দ বা নামটি অবশ্যই উত্তম কুমার। একশ বছর পরেও বাংলা সিনেমায় তার মতো উজ্জ্বল সর্বগ্রাসী উপস্থিতি নজিরবিহীন। তিনি শুধু একজন অভিনেতা বা নায়ক ছিলেন না—একজন শিল্পীর যে বহুমাত্রিক সত্তা, তারই এক অনন্য সমন্বয় তার ব্যক্তিত্বে। পর্দায় তার অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করেছে, পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব তৈরি করেছে এক স্বতন্ত্র সাংস্কৃতিক অভিঘাত।’’
উত্তম কুমারের দীর্ঘস্থায়ী প্রভাবকে কেবল সাধারণ জনপ্রিয়তা দিয়ে মাপতে চান না জয়া। তার মতে, ‘‘জনপ্রিয়তা তাকে মহানায়ক করেছে; কিন্তু শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়। তিনি বাঙালির মনের নায়ক; এমন এক প্রতীক, যার সঙ্গে বাঙালির পুরুষত্ব, ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের একটি বিশেষ আবেগ আজও জড়িয়ে আছে।’’
কালজয়ী এ অভিনেতাকে নিয়ে সবশেষে জয়া লিখলেন, ‘‘সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, বাংলা সিনেমার ভাষাও বদলেছে। কিন্তু উত্তম কুমার নির্মিত সেই মিথ এখনও অমলিন। জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা। ভালোবাসা ও নিরন্তর মুগ্ধতার এই ঋণ কখনও ফুরোনোর নয়।’’
মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ওপার বাংলার কলকাতায় চলছে নানা জমকালো আয়োজন। পাশাপাশি বাংলাদেশেও চলচ্চিত্রপ্রেমী ও তারকারা নানা বার্তা ও স্মৃতিতর্পণে প্রিয় নায়ককে সম্মান জানাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









