ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।”
তিনি আরো বলেন, “জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আন্তরিকতা প্রশাসনের কাজকে আরও কার্যকর করে তোলে।”
সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফরহালুল ইসলাম পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়নসহ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা তথ্যপ্রাপ্তি সহজীকরণ, মাঠপর্যায়ে কাজের স্বচ্ছতা এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









