রাজবাড়ীর পাংশা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ঢেঁকিপাড়া ও আঁধারকোটা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকালে উপজেলার যশাই ইউনিয়নের জলিলপাড়া নারু কুণ্ডুর ঘাট এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল এবং পাংশা-কালুখালী শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল আলম (সোহরাব) প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের পিআইসি ও যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি মৎস্য চাষের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় দোয়া ও মোনাজাত এবং খালপাড়ে নারিকেল চারা রোপণ করেন অতিথিরা।
জানা গেছে, উপজেলার যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খাল ৯ কিলোমিটার ও পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের ৪ কিলোমিটার পুনঃখনন করা হবে। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা। এতে যশাই ইউনিয়নে ৫৩৫ জন ও পাট্টা ইউনিয়নে ২৩৬ জন শ্রমিক অংশগ্রহণ করছেন। ৪০ দিনের মধ্যে প্রকল্পের খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









