নীলফামারীর কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল ও দায়িত্ব অবহেলা করার দায়ে তিনজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃতরা হলেন, মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ ও তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী।
এ ঘটনায় আটক দুইজন হলেন, উপজেলার মাগুড়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে শাকিল মিয়া (৩৪), জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১)।
জানা যায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলার সময় কক্ষে ওই শিক্ষার্থীকে জানালা দিয়ে দুইজন ব্যক্তি নকল সরবরাহ করছিলেন। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সেই দুই জনকে আটক করেন। পরে নকল করার দায়ে এক শিক্ষার্থী ও দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আসাদুজ্জামান বলেন, ‘‘পরীক্ষায় নকল করার দায়ে একজন শিক্ষার্থীকে ও তিনজন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার ও তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকল সরবরাহকারী দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









