যার স্বপ্ন ছিল মানুষের সেবা করা, আজ সে নিজেই বাঁচার জন্য অন্যের সহায়তার অপেক্ষায়। একটি দুর্ঘটনা যেন তার জীবনের সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান সোনিয়া লষ্কর (২১)। স্বপ্ন বুকে নিয়ে ভর্তি হন বেসরকারি এক নার্সিং কলেজে। পড়াশোনায়ও ছিলেন মনোযোগী। কিন্তু একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থমকে গেছে তার স্বপ্নের পথচলা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা কৃষক ছায়েদ লষ্করের কন্যা সোনিয়া। পরিবারের একমাত্র সন্তান সোনিয়াকে ঘিরেই ছিল বাবা-মায়ের অকৃত্তিম ভালবাসা ও স্বপ্ন। লেখাপড়ায় আগ্রহী সোনিয়া ভবিষ্যতে একজন দক্ষ নার্স হয়ে মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নার্সিং শিক্ষায় নিজেকে গড়ে তুলছিলেন।
সোনিয়া ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর প্রথম বর্ষের ক্লিনিক্যাল প্রাক্টিস শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সামনে থেকে আসা বয়লার মুরগি বোঝাই ভ্যান গাড়ির সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন সোনিয়া। এতে তার মেরুদণ্ড (স্পাইন) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরাত চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল হাসপাতালসহ কুষ্টিয়া সদর হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসা নেন তিনি। তবে দীর্ঘ ৪ মাস চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। চিকিৎসকরা জানিয়েছেন, তার মেরুদণ্ডে গুরুতর জটিলতা সৃষ্টি হয়েছে এবং ভাঙা অংশে অপারেশন জরুরি।
চিকিৎসকদের ভাষ্যমতে, দ্রুত অপারেশন না করালে তিনি স্থায়ীভাবে প্যারালাইস হয়ে যেতে পারেন। ইতোমধ্যে তিনি অসহনীয় শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, যা দিন দিন আরও বাড়ছে। তার স্বাভাবিক চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, এটা অপারেশন না করে ভালো হওয়া সম্ভব না। এই ধরণের চিকিৎসা খুবই ব্যয়বহুল। আমাদের সকলেই প্রয়োজন তার পাশে থাকার।
এদিকে সোনিয়ার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার পিতা একজন কৃষক হওয়ায় সংসারের নিত্যদিনের খরচ মেটাতেই হিমশিম খেতে হয়। ব্যয়বহুল এই অপারেশন ও পরবর্তী চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
তবুও হাল ছাড়তে নারাজ সোনিয়া ও তার পরিবার। তাদের বিশ্বাস সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষ এগিয়ে এলে আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
এমন পরিস্থিতিতে সোনিয়ার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য দেশের সকল বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









